চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্ধারিত সময়ে গ্রামীণ সড়ক উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় প্রায় আড়াই কোটি টাকা ফেরত গেছে। বন্যায় বিধ্বস্ত হওয়া সড়কগুলোর সংস্কারকাজ সম্পন্ন না হওয়ায় বর্তমানে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে পুরো জনপথ।
উপজেলার হাবিব রোড, লবণাক্ষী রোড ও টেরিয়াল রোডসহ বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে শিক্ষার্থী, কৃষক, রোগী, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। উপজেলা এলজিইডির তথ্য অনুযায়ী, ঠিকাদার কাজ না করায় আটটি সড়কের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যার ফলে সরকারি এই অর্থ অব্যবহৃত থেকে গেছে।
দীর্ঘদিন ধরে নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় সড়কগুলোর অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি ও কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং রাতের বেলা ভাঙা অংশগুলো চরম ঝুকিপূর্ণ হয়ে ওঠে।
সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও এমন যোগাযোগব্যবস্থার দুরবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানিয়েছেন যে, নির্বাচনি এলাকাভিত্তিক বিভিন্ন উন্নয়ন বরাদ্দ এবং টিআর, কাবিটা ও কাবিখার অর্থ ও খাদ্যশস্য না পাওয়ায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গ্রামীণ জনপদের এই চরম দুর্ভোগ ও যোগাযোগ ব্যবস্থার নাজুক দশা থেকে দ্রুত মুক্তি পেতে ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।