নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

ডেঙ্গুঝুঁকি মোকাবিলায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক এই জনহিতকর কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‌্যালিসংলগ্ন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অস্বাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফি-জুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু এবং আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল। এর আগে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক।

সমাবেশ ও র‌্যালিশেষে আয়োজিত বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কেবল প্রশাসনিক কিংবা প্রাতিষ্ঠানিক অভিযানই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। তিনি প্রতিটি এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন।

০%
০%
০%
০%