Advertisement

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার রাজধানীর বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত বা বন্ধ রাখা হবে।

আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি থাকার কথা রয়েছে। আমন্ত্রিত অতিথিদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করাই এই কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য। তবে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিজ্ঞাপন

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যান চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী যাত্রীবাহী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহনকে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প পথ হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুটটি ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ট্রাফিক ব্যবস্থাপনার কারণে উল্লিখিত এলাকায় সাময়িক যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। নগরবাসী ও গাড়ি চালকদের নির্ধারিত সময়সূচিতে এসব সড়ক এড়িয়ে বিকল্প ও সুবিধাজনক পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ এই দিনটিতে জনদুর্ভোগ কমাতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ডিএমপি সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।

0%
0%
0%
0%