Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, কুড়িগ্রামে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কুড়িগ্রামের কৃতী সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় পুরো জেলায় বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। বৃহস্পতিবার রাতে এই খবর ছড়িয়ে পড়ার পরপরই কুড়িগ্রাম শহরের কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন।

মিছিল শেষে দলীয় নেতা-কর্মীরা সাধারণ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মিষ্টি বিতরণ করেন। আনন্দঘন এই আয়োজনে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করছেন, জাতীয় রাজনীতিতে জেলার এই কৃতি সন্তানের নতুন এই দায়িত্ব কুড়িগ্রামের মানুষের জন্য এক ইতিবাচক সম্ভাবনার বার্তা নিয়ে আসবে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী জুয়েল আহমেদ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার মাধ্যমে জেলার উন্নয়ন ও অগ্রগতির নতুন ধারা সূচিত হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

মিষ্টি বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, রুহুল কবির রিজভী আহমেদ কেবল কুড়িগ্রামের নেতা নন, তিনি সারা দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, একনিষ্ঠতা এবং রাজপথের অকুতোভয় সংগ্রামের মাধ্যমে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, রিজভী আহমেদের ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার যথাযথ মূল্যায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা গণতান্ত্রিক রাজনীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। নতুন এই দায়িত্বে তিনি সফল হবেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে বলে উপস্থিত নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

রাতভর আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা এই পদোন্নতিতে গভীর সন্তুষ্টি প্রকাশ করে রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

0%
0%
0%
0%