Advertisement

নীলফামারীতে এসিল্যান্ডের ওপর হামলা ও অবরুদ্ধের ঘটনায় মামলা দায়ের আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে সরকারি কাজে বাধা প্রদান এবং সহকারী কমিশনারের (ভূমি) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে বাহাগিলী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে এ মামলা করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার বিকেলে চাড়ালকাটা নদীতে অবৈধ বালু পাচার রোধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জাহান তন্বী। অভিযানে বালুবোঝাই একটি ট্রলি জব্দ করার পর স্থানীয় বালু উত্তোলনকারী চক্রের শতাধিক নারী-পুরুষ ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে।

বিজ্ঞাপন

অভিযানের সময় বালুবোঝাই তিনটি ট্রলি আটকের চেষ্টা করলে দুটি পালিয়ে গেলেও একটি জব্দ করা সম্ভব হয়। এর জের ধরেই হামলাকারীরা সরকারি কর্মকর্তাদের ঘিরে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন স্বপন ইসলাম, পারভেজ ইসলাম, জাহেদুল ইসলাম, আরব আলী ও সুমন ইসলাম।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%