Advertisement

মাদারীপুর সদর হাসপাতালে রোগীকে কুপিয়ে জখম, আটক ১

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ভেতরে পূর্বশত্রুতার জেরে কাওসার বেপারী নামের ২৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকেলে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। আহত কাওসার সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক ফকির নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে আটক ফারুক ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে একটি মামলা বর্তমানে চলমান রয়েছে। শনিবার দুপুরে হাসপাতালে শাহীনের শ্যালক কাওসারের সঙ্গে ফারুকের দেখা হলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওয়ার্ডের থাইগ্লাস ভেঙে গেলে ফারুক ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করেন এবং ভাঙা কাঁচের টুকরো দিয়ে কাওসারকে এলোপাতাড়ি আঘাত করেন।

বিজ্ঞাপন

কাওসারের আর্তচিৎকারে উপস্থিত লোকজন ও হাসপাতালের কর্মীরা এগিয়ে এসে ফারুককে আটক করেন। গুরুতর আহত অবস্থায় কাওসারকে উদ্ধার করে প্রথমে একই হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%