Advertisement

রোমে কনসার্ট বিতর্ক নিয়ে মুখ খুললেন জেমস

ইতালির রোমে আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে দেশের কিংবদন্তি রকস্টার জেমস এবং আয়োজকদের মধ্যকার দ্বন্দ্ব এখন শোবিজ পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কনসার্টের অব্যবস্থাপনা, প্রতারণার অভিযোগ এবং হোটেল কক্ষ নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন স্বয়ং নগরবাউল। বৃহস্পতিবার ইতালির ভেনিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের জবাব দেন।

রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে অবস্থানকালে একটি কক্ষ অপরিষ্কার রাখা ও নিয়ম না মেনে হোটেল ছাড়ার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে জেমস বেশ খোলামেলা কথা বলেছেন। তাঁর ভাষ্যমতে, বিতর্কিত ৫৪৯ নম্বর কক্ষটিতে ছিলেন দলের একজন অতিথি গিটারিস্ট। হোটেল কর্তৃপক্ষের নিয়মিত পরিষ্কার করার নিয়ম থাকলেও হয়তো কোনো কারণে তা হয়নি, যা মোটেও কোনো বড় বিষয় নয়। এ ছাড়া হোটেলে রুম এলোমেলো থাকা বা ধূমপানের কারণে জরিমানা গুনতে হওয়া স্বাভাবিক ঘটনা বলেই মনে করেন এই তারকা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার বিষয়ে জেমস বলেন, যে কেউ চাইলে মতামত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে, এটি নিয়ে মাথা ঘামানোর অবকাশ নেই।

বিজ্ঞাপন

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিনের দাবি, এই অভিযোগের দায়ভার কোনোভাবেই জেমসের ওপর বর্তায় না। তিনি স্পষ্ট করেছেন, জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে এবং ওই বিতর্কিত কক্ষের সাথে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। মুখপাত্রের মতে, আয়োজকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বাদ্যযন্ত্র ও বিশাল দল নিয়ে হোটেল থেকে পালিয়ে আসার সুযোগ নেই এবং আয়োজকদের এ ধরণের আচরণ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও তিনি মন্তব্য করেন।

কনসার্টের আর্থিক হিসাব ও প্রতারণার অভিযোগ নিয়েও বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আয়োজক হোসাইন আহমেদের দাবি, অগ্রিম অর্থ ও টিকিট বিক্রির টাকা নিয়ে গড়মিলের জেরে পুলিশের হস্তক্ষেপ পর্যন্ত নিতে হয়েছিল। এর উত্তরে জেমসের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, সব কনসার্টের মতো এখানেও আইনি চুক্তির মাধ্যমেই কাজ হয়েছে। চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হয়ে থাকলে আয়োজকরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তা না করে অহেতুক মিথ্যাচার করা হচ্ছে। তারা বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন এবং যেকোনো আইনি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%