AdvertisementAdvertisement

চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা ও নাগরিক কনভেনশনের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ইজারার প্রক্রিয়া বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির ব্যানারে নগরীতে বিশাল পদযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শত শত মানুষ বন্দর অভিমুখে যাত্রা শুরু করেন। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত করা হয়।

বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ সম্পদ কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়া যাবে না। তারা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান তুলে বন্দরের মালিকানা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশ থেকে আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বন্দর রক্ষার চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই কনভেনশনে শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পদযাত্রায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন এবং জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দরের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত কার্যকর করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%