AdvertisementAdvertisement

হজের বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

হজযাত্রীদের দুর্ভোগ লাঘব এবং হজের খরচ সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে বিমান ভাড়া কমানোর জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রচেষ্টায় গত বছরের তুলনায় এ বছর বিমান টিকেটের খরচ ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা সম্ভব হয়েছে। এর আগে গত বছরও টিকিটের মূল্য ১২ হাজার টাকা হ্রাস করা হয়েছিল। এছাড়া বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বিমান টিকেটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম মেনে নেওয়া হবে না এবং এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদালসহ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এই মেলার মাধ্যমে একই ছাদের নিচে দেশের শীর্ষ হজ এজেন্সিগুলোর বিভিন্ন প্যাকেজ, বিশেষজ্ঞ পরামর্শ এবং তথ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে এবং এখানে প্রবেশের জন্য কোনো ফি প্রয়োজন হবে না। তিন দিনব্যাপী এই মেলার পর্দা নামবে আগামী শনিবার।

0%
0%
0%
0%