ভুল তথ্যের বিস্তার সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বর্তমান সময়ে সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারকে চিহ্নিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকতাকে এখনো কাঠামোগতভাবে সুসংহত করা সম্ভব হয়নি। একসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রধান সংকট থাকলেও, বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে ভুল তথ্যের আগ্রাসন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রশ্ন তোলেন, সাংবাদিকদের জীবনমান, পেশাগত নিরাপত্তা ও কর্মপরিবেশে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি না। মালিকপক্ষের সঙ্গে সাংবাদিকদের সম্মানজনক সম্পর্ক প্রতিষ্ঠা এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের কার্যকারিতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ের লড়াই কেবল রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার সঙ্গে সাংবাদিকের নয়, বরং বড় চ্যালেঞ্জ হলো একজন মেধাবী ও পেশাদার সাংবাদিকের এই পেশায় সম্মান ও মর্যাদার সঙ্গে টিকে থাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গণমাধ্যমের মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি ইঙ্গিত দেন।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন বক্তব্য রাখেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সভার আগে তথ্যমন্ত্রী সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া তিনি বরিশাল বিভাগের স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা এবং শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।

সম্পর্কিত- তথ্যমন্ত্রী
0%
0%
0%
0%