কুরবানির পশুর হাটে ব্যবসায়ীদের নিরাপত্তায় জোরদার নজরদারি র্যাবের

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে বিশেষ টহল জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পশুর হাটগুলোতে ক্রেতা ও ব্যবসায়ীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সব ব্যাটালিয়নকে রোবাস্ট পেট্রোলিংয়ের আওতায় আনা হয়েছে। রবিবার রাজধানীর গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমের সামনে এসব তথ্য তুলে ধরেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
র্যাব মহাপরিচালক জানান, ঈদের সময় রাজধানীসহ জনবহুল এলাকা থেকে মানুষের বসতি কিছুটা ফাঁকা হয়ে যাওয়ায় পশুর হাটের বেচাকেনায় নগদ টাকা ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি কমাতে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে। এছাড়া লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে নগদ টাকার পরিবর্তে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
জাল টাকার কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মো. আহসান হাবীব পলাশ বলেন, জাল টাকা শনাক্তকরণে প্রতিটি হাটে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িতদের নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। একইসঙ্গে কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিয়ে যেতে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পরিবহন পথে চাঁদাবাজি বা হয়রানি রোধেও র্যাব কঠোর অবস্থানে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে র্যাব মহাপরিচালক স্পষ্ট জানান, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য বা গুজব প্রচার করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন যেকোনো অপচেষ্টা রুখতে র্যাব সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
