AdvertisementAdvertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-প্রযুক্তির সহায়তায় পরিচালিত তথ্যপ্রযুক্তি কর্মীরা অবৈধ উপায়ে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তা দেশটির নিষিদ্ধ পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শক্তিশালী করতে ব্যবহৃত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলোর একটি জোট। শুক্রবার যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাজ্যসহ নয়টি দেশের ১৯টি সরকারি সংস্থা এক যৌথ বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পিয়ংইয়ং বিশ্বজুড়ে নিজেদের তথ্যপ্রযুক্তি কর্মীদের ব্যবহার করে অন্যের পরিচয় চুরি করে ছদ্মবেশে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে তারা প্রতারণামূলক নেটওয়ার্ককে আরও বিস্তৃত করছে, যা একদিকে বিশ্বজুড়ে সাইবার অপরাধের ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে গোয়েন্দা নজরদারির হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা অব্যাহত রেখেছে এবং ২০২৩ সালে সংবিধান সংশোধন করে দেশটিকে পারমাণবিক রাষ্ট্র হিসেবেও ঘোষণা করেছে।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা পিয়ংইয়ং মূলত সাইবার অপরাধ, ক্রিপ্টোকারেন্সি চুরি এবং অর্থ পাচারের মাধ্যমে তাদের সামরিক ব্যয়ের জোগান দেয়। সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যানুযায়ী, এই কর্মীরা অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বিদেশি নাগরিক সেজে কাজ বাগিয়ে নেয় এবং উপার্জিত অর্থ সরাসরি দেশটির রাষ্ট্রীয় তহবিলে জমা দেয়। এছাড়া উত্তর কোরিয়া, চীন, রাশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সহায়ক গোষ্ঠীগুলোর মাধ্যমে তারা ল্যাপটপ ফার্ম গড়ে তুলেছে, যেখান থেকে ভিপিএন ব্যবহারের মাধ্যমে তারা মূল অবস্থান গোপন রেখে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ চালিয়ে যাচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

বৈশ্বিক কোম্পানিগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য এই কর্মীরা এখন বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য চুরি ও সাইবার গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার প্রমাণ পেয়েছেন। এহেন পরিস্থিতিতে, বেসরকারি নিয়োগকারী প্ল্যাটফর্ম ও নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কর্মী নিয়োগের ক্ষেত্রে পরিচয় যাচাই ও হার্ডওয়্যার পরীক্ষার প্রক্রিয়া অত্যন্ত কঠোর করে। ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্র দেশগুলো যৌথভাবে এই সতর্কতা জারি করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%