আজাদ জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির ১৫০ সদস্য সন্ত্রাসবিরোধী আইনের তালিকায় অন্তর্ভুক্ত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সরকার নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) অন্তত ১৫০ জন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের চতুর্থ তফশিলভুক্ত করেছে। সহিংস কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর বৃহস্পতিবার আজাদ জম্মু ও কাশ্মীর স্বরাষ্ট্র বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আজাদ জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবিরোধী আইনের ১৬ (১) ধারার আওতায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দাপ্তরিক সূত্র অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির শত শত সদস্যের তালিকা তৈরি করা হলেও প্রথম ধাপে ১৫০ জনকে চতুর্থ তফশিলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় সংগঠনটির চারজন শীর্ষস্থানীয় নেতাও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট ও সহিংসতায় জড়িত থাকার জোরালো তথ্য-প্রমাণ রয়েছে।
দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে ওই অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
