চুয়াডাঙ্গা সীমান্তে ১১ অনুপ্রবেশকারীকে পুশইন প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা ও জয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ভোর ৪টার দিকে সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরোধে বিএসএফ তাদের অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোটার আগেই দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের অদূরে ৭৫ নম্বর পিলারের সন্নিকটে ভারতীয় অংশে ওই ১১ জনকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল কৌশলে বাংলাদেশে অনুপ্রবেশ করানো। বিষয়টি টের পাওয়া মাত্রই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেন। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির সমর্থনে এগিয়ে আসেন।
পরিস্থিতির ভয়াবহতা এবং বিজিবির দৃঢ় অবস্থান আঁচ করতে পেরে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিয়ে সীমান্ত এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের নির্দেশনায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের অপচেষ্টা চালানো হলেও বিজিবি তা দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।