আওয়ামী লীগের ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে বিএনপি জনবিচ্ছিন্ন হবে এ্যানি

আওয়ামী লীগের অনুসৃত ফ্যাসিবাদী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করলে সাধারণ মানুষের আস্থা হারাবে বিএনপি। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিবাদের আদলে কোনো ধরনের রাজনৈতিক চর্চা বা সামাজিক আধিপত্য বিস্তারের চেষ্টা দলটির জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন

শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, বিগত সরকারের আমলে চাকরি কিংবা সামাজিক কার্যক্রমে যে স্বজনপ্রীতি ও আধিপত্যবাদী আচরণের নজির স্থাপিত হয়েছিল, বিএনপি যদি সেই একই ধারায় পরিচালিত হয়, তবে জনগণের কাঠগড়ায় দলটি ব্যর্থতার পরিচয় দেবে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দর্শনের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে, তা সমুন্নত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, জনগণের আবেগ ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা বর্তমান সময়ের দাবি। কোনোভাবেই যেন সাধারণ মানুষ কারো আচরণে ব্যথিত বা অপমানিত না হয়, সে বিষয়টি নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ ১৭ বছর যারা আওয়ামী লীগের শাসনামল প্রত্যক্ষ করেছেন, তারা এখন প্রকৃত পরিবর্তনের অপেক্ষায় আছেন। তাই অতীতের প্রেক্ষাপটে অযথা সমালোচনা না করে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী ও রাজনীতিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%