পা দিয়ে লিখে স্নাতকোত্তর পাস করা নিলার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ

সিরাজগঞ্জ সদর উপজেলার অদম্য মেধাবী নিলা খাতুন, যিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তিনি অবশেষে একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিনের নিরন্তর সংগ্রাম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করায় নিলা ও তার পরিবারের সদস্যদের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে।
রোববার সিরাজগঞ্জের ‘স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটিস’ নামক প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। শারীরিক সীমাবদ্ধতা যে সাফল্যের পথে কোনো বাধা হতে পারে না, নিলা খাতুন তার এই অর্জনের মধ্য দিয়ে তা আবারও প্রমাণ করলেন।
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু এবং সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হাসানের ব্যক্তিগত তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিলাকে সমাজকল্যাণমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান এবং এই মহতী উদ্যোগটি বাস্তবায়নে ভূমিকা রাখেন।
শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করতে পেরে নিলা অত্যন্ত আবেগাপ্লুত। স্থানীয় সুধীমহল ও স্বজনরা মনে করছেন, নিলার এই সাফল্য সিরাজগঞ্জসহ সারা দেশের বিশেষ চাহিদাসম্পন্ন মেধাবীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।