আইএমডিবির সাপ্তাহিক শীর্ষ পাঁচ জনপ্রিয় সিনেমার তালিকায় দাপট দেখাচ্ছে নোলানের অডিসি ও ইন্টারস্টেলার

বিশ্ব চলচ্চিত্রের মানদণ্ড নির্ধারণে আইএমডিবি বা ইন্টারনেট মুভি ডেটাবেজ বরাবরই এক অপ্রতিদ্বন্দ্বী নাম। দর্শকদের পছন্দ, উন্মাদনা আর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা চলচ্চিত্রগুলোর প্রতিফলন ঘটে এই প্ল্যাটফর্মের ‘ফ্যান ফেবারিট’ তালিকায়। সিনেপ্রেমীদের হৃদস্পন্দন দ্রুত বাড়িয়ে দেওয়া চলতি সপ্তাহের শীর্ষ পাঁচটি সিনেমা নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন।
তালিকায় রাজকীয় অবস্থানে রয়েছে কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস ‘দ্য অডিসি’। ৮.৫ রেটিং পাওয়া এই চলচ্চিত্রটি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত। ট্রয় যুদ্ধ জয়ের পর রাজা অডিসিউসের নিজ ভূমিতে ফেরার রোমাঞ্চকর, বিপদসংকুল ও পৌরাণিক সব অভিজ্ঞতায় ঠাসা এই ছবি। ২৬ জুলাই পর্যন্ত প্রায় ৩৩০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি বিশ্বজুড়ে সাড়া জাগিয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ‘অবসেশন’ সিনেমাটি এক অভাবনীয় রূপকথার নাম। স্বল্প বাজেটের ইউটিউবার নির্মিত এই কাজটির ওপর চোখ পড়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান ফোকাস ফিচারের। ১৫ মে মুক্তির পর থেকে ৭.৯ রেটিং নিয়ে দর্শক মহলে উত্তাপ ছড়াচ্ছে এটি। মাত্র সাড়ে সাত লাখ ডলার বাজেটে নির্মিত এই রহস্যময় ড্রামাটি বর্তমানে ৪৫ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ভালোবাসা ও প্রতারণার দোলাচলে ঘেরা এই সিনেমা এখন গ্লোবাল বক্স অফিসের নতুন আলোচনার বিষয়।
তিনে থাকা বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘প্রজেক্ট হেইল মেরি’ মুক্তি পেয়েছিল এ বছর মার্চে। ৮.২ রেটিং পাওয়া এই ছবিতে দেখা যায় এক নিঃসঙ্গ বিজ্ঞানীকে, যিনি মহাকাশযানের গভীর শূন্যতায় জেগে উঠে আবিষ্কার করেন যে মানবজাতিকে বাঁচানোর দায়িত্ব এখন তারই কাঁধে। অজানা গ্রহে টিকে থাকার অসম্ভব লড়াই আর মহাজাগতিক রহস্যের বুনন ছবিটিকে দর্শকদের পছন্দের তালিকার কেন্দ্রে রেখেছে।
অ্যানিমেশন প্রেমীদের জন্য দারুণ চমক হয়ে এসেছে ‘দ্য শিপ ডিটেকটিভস’। মে মাসে মুক্তি পাওয়া ৭.৪ রেটিংধারী এই ছবিটি রহস্য ও হাস্যরসের এক অপূর্ব সংমিশ্রণ। এক রাখাল ও তার ভেড়ার পালের গল্প নিয়ে গড়া এই সিনেমায় যখন রাখালকে মৃত পাওয়া যায়, তখন তার প্রিয় ভেড়ার দলই গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়। খুনের কিনারা করতে ভেড়াদের এই অদ্ভুত অভিযানে দর্শকদের মজিয়ে রেখেছে দারুণভাবে।
তালিকায় সগৌরবে টিকে আছে ১২ বছর আগের কালজয়ী চলচ্চিত্র ‘ইন্টারস্টেলার’। নোলানের ‘দ্য অডিসি’ মুক্তির পর দর্শকদের মাঝে ‘ইন্টারস্টেলার’ নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। ৮.৭ রেটিং নিয়ে এই সিনেমা এখনো আধুনিক সায়েন্স ফিকশন ঘরানার এক অনবদ্য মাইলফলক। পৃথিবী যখন বসবাসের অযোগ্য হয়ে ওঠে, তখন নতুন আবাসভূমি খুঁজতে মহাকাশচারীদের সেই আবেগঘন ও সময়-মহাকর্ষের জটিল সমীকরণে গড়া মহাকাব্যটি আজও দর্শকদের প্রথম সারির পছন্দ।
