দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৩১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন রোগী। এর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৮২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি মাসের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এর আগে সেপ্টেম্বর মাসে মশাবাহিত এই রোগে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর রেকর্ড রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬৩১ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭১৩ জন (বুলেটিনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে ৭০৩ জন) চিকিৎসাধীন হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে আক্রান্তদের পাশাপাশি সমানতালে চলছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬২৭ জন রোগী। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গু থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯১ হাজার ৭ জনে।

০%
০%
০%
০%