Advertisement

বিগ বস বাংলার মঞ্চে পা রাখার আগে সিদ্ধি বিনায়কের শরণে মনামী ঘোষ

টলিউডের চিরসবুজ এবং গ্ল্যামারাস ডিভা মনামী ঘোষ মানেই ফ্যাশন ও আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন। শাড়ি থেকে ওয়েস্টার্ন—সব পোশাকেই তিনি সমান সাবলীল। তবে এবার তাকে দেখা গেল একেবারে স্নিগ্ধ ও পবিত্র এক রূপে। মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন মনামী, যেখানে সবুজ রঙের শাড়ির সঙ্গে লাল ব্লাউজ, কানে ঝোলা দুল আর হালকা সাজে তাকে এক স্বর্গীয় সৌন্দর্যে উজ্জ্বল দেখাচ্ছিল।

ছবিটির ক্যাপশনে মনামী লিখেছেন, এই পৃথিবী, আকাশ এবং নক্ষত্রের আড়ালে যিনি রয়েছেন, তার কাছেই তার প্রার্থনা—জীবনের চলার পথের সমস্ত বাধা যেন নিমেষেই দূর হয়ে যায়। তার এই বিশেষ প্রার্থনা কি কোনো আসন্ন নতুন অধ্যায়ের ইঙ্গিত? গুঞ্জন বলছে, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড প্রিমিয়ারের আগে সাফল্যের কামনায় ঈশ্বরের আশীর্বাদ নিতেই সিদ্ধি বিনায়কের শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক তালিকা এখনো প্রকাশ পায়নি, তবে টলিপাড়ার বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে, প্রতিযোগীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে মনামীর নাম।

বিজ্ঞাপন

বিগ বসের মতো রিয়েলিটি শোয়ের চ্যালেঞ্জিং যাত্রার আগে মনামীর এই আধ্যাত্মিক প্রস্তুতি দর্শকদের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। শোয়ের সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, এই তালিকায় শন, সৃজলা, ভরত কল, সায়ক চক্রবর্তী, শমীক, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, সোহিনী পাল, পায়েল সরকার এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা থাকতে পারেন। তবে চূড়ান্ত তালিকা না আসা পর্যন্ত সবটাই এখন অনুমানের বেড়াজালে আটকে রয়েছে।

বয়সের কাঁটা যে মনামীর কাছে কেবলই একটি সংখ্যা, তা তিনি বারবার প্রমাণ করেছেন। ৪২টি বসন্ত পেরিয়ে এসেও নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তিনি। তার রূপের জাদু কিংবা নিত্যনতুন পোশাকের বাহার—সবসময়ই খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। এখন দেখার পালা, বিগ বস বাংলার অন্দরমহলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে কতটা প্রস্তুত রয়েছেন এই সদা হাসিখুশি ও প্রাণোচ্ছ্বল তারকা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%