মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে জয়া বচ্চন ঘিরে রাজনৈতিক জল্পনা

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী এবং সমাজবাদী পার্টির প্রবীণ সাংসদ জয়া বচ্চনের উপস্থিতি নিয়ে উত্তাল কলকাতার রাজনৈতিক ও বিনোদনপাড়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে হাজির হলেন অমিতাভ পত্নী। এই আকস্মিক সফরকে কেন্দ্র করে বিনোদন এবং রাজনীতির করিডোরে শুরু হয়েছে নানামুখী গুঞ্জন।
দুপুরের দিকে অফ-হোয়াইট সালোয়ার কামিজ পরে যখন জয়া বচ্চন মমতার বাড়ির দরজায় এসে পৌঁছান, তখন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েনের সঙ্গী হয়ে আসা জয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই প্রভাবশালী নারীর এই ব্যক্তিগত সাক্ষাৎ ঘিরে স্বভাবতই কৌতূহল তুঙ্গে উঠেছে।
দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের এক গভীর হৃদ্যতার সম্পর্ক বিদ্যমান। অমিতাভ বচ্চনকে বরাবরই ‘বাংলার জামাই’ হিসেবে অভিহিত করে থাকেন মমতা, আর সেই সুবাদে বচ্চন পরিবারের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সখ্যতা বহু পুরনো। অতীতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে জয়া বচ্চনকে তৃণমূলের নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গিয়েছিল।
যদিও এই বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা জয়া বচ্চন—কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। কি কথা হয়েছে তাঁদের মধ্যে, নাকি এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ—তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। তবে রাজনীতির সমীকরণ আর ব্যক্তিগত সম্পর্কের এই মেলবন্ধনে জয়ার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বোদ্ধা মহল।