ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র্যালি অনুষ্ঠিত

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমানায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে র্যালিটি যাত্রা শুরু করে। এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই আয়োজন ঘিরে পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’ এবং ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’-সহ মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও সম্মানসূচক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নেয়ামত উল্লাহ জুবায়ের জানান, বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ গুরুত্ব বহন করে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। এই র্যালির মূল লক্ষ্য হলো রাসুল (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর পবিত্র সুন্নাহ অনুসরণে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করা।
একই অনুভূতি প্রকাশ করে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, ১২ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের এই দিনটিকে আমরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছি। তাঁর আদর্শ ও মহত্ত্ব সম্পর্কে জানা এবং তা নিজের জীবনে প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়েই এই র্যালির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এই দিনের শিক্ষা ও চেতনা সবার মাঝে ছড়িয়ে পড়লে সমাজ আরও বেশি মানবিক ও আলোকিত হয়ে উঠবে।
