সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় চালকসহ নিহত দুই

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় শুক্রবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরও এক যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হালদার (৭০) এবং সিএনজি চালক কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আশিক (৩৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার উদ্দেশ্যে ঠাকুর হালদার তার ছেলে বিষ্ণ হালদারকে নিয়ে সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়ার আগেই মৃতদেহগুলো নিয়ে বাড়িতে ফিরে যান। এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং সড়ক দুর্ঘটনারোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন।
