রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। কমিটির অপর দুই সদস্য হলেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম এবং ভূমি ও আইন প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহাল উদ্দিন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং সংশ্লিষ্ট দুই বিভাগের একাডেমিক ভবনে চেয়ারে বসাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হন।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের পরিবার।
