চকরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু যৌতুকের দাবির অভিযোগ পরিবারের

কক্সবাজারের চকরিয়া পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার পিত্রালয় পেকুয়ায় শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ির বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হওয়া সাদিয়া জান্নাত পেকুয়া উপজেলা সদরের আব্দুল হামিদ সিকদারপাড়ার রিদুয়ানুল হকের মেয়ে।
নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে ৩ লাখ টাকা আনার জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই চাপ প্রয়োগ করতেন। যৌতুকের সেই দাবির বলি হয়েই সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা। এদিকে, শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্যমতে, নিজ শিশুকন্যাকে মারধরের পর বকাঝকা করায় অভিমান করে সাদিয়া বাথরুমে ঢুকে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপ-পরিদর্শক মহিউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি দল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে গ্রামে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ময়নাতদন্তের সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানালেও, নিহতের স্বজনদের দাবি গোসলের সময় তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
