ঘিওরে ১০১ মণ খিচুড়ি রান্না: জাবরা ইমামবাড়ী দরবারে হাজারো ভক্তের মিলনমেলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা ইমামবাড়ি দরবার শরিফে ১০৬তম ওরস মাহফিল উপলক্ষে ১০১ মণ চাল-ডাল ও বিভিন্ন উপকরণ দিয়ে রান্না করা হয়েছে বিশাল আকৃতির তবারক। প্রায় ৪০ হাজার ভক্ত ও দর্শনার্থীর জন্য আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন। বিশাল এই আয়োজনে ৩৬ মণ চাল, ২০ মণ সবজি, ছয় মণ ডাল, আট মণ ঘি ও দুই বস্তা লবণসহ প্রয়োজনীয় মসলা ব্যবহার করা হয়েছে।
প্রধান বাবুর্চি সাইফুল ইসলামের নেতৃত্বে ৩০ জনের একটি দল দীর্ঘ সাড়ে চার ঘণ্টা নিরলস পরিশ্রমের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেন। পাতিলের ভেতর চাল ও ডালসহ উপকরণগুলো ভালোভাবে মেশানোর জন্য বিশেষ মোটর ব্যবস্থার সুবিধা রাখা হয়েছে। স্থানীয়দের মতে, একসঙ্গে এত বিপুল পরিমাণ খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত এই পাতিলটি দেশের বৃহত্তম রান্নার ড্যাগ বা পাতিল হিসেবে পরিচিত।
প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী এই দরবারটি সাত পুরুষ ধরে চলে আসছে। প্রতি বছর ভাদ্র ও মাঘ মাসের ১২ ও ১৩ তারিখে দুই দফায় এখানে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা রোগমুক্তি ও মনের আশা পূরণের আকাঙ্ক্ষা নিয়ে এখানে ছুটে আসেন। অনেকের বিশ্বাস, এই তবারক গ্রহণের মাধ্যমে বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি ও মনের ইচ্ছা পূরণ হয়েছে।
দরবারের পীর হযরত মাওলানা আবুল কালাম আজাদ আল চিশতি জানান, প্রায় নয় বছর আগে স্বপ্নের অনুপ্রেরণায় তিনি এই বিশাল পাতিল তৈরির উদ্যোগ নেন। প্রায় সাত লাখ টাকা ব্যয়ে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই পাতিলটির জন্য ১২ হাজার ইট ব্যবহার করে একটি বিশালাকৃতির চুলা নির্মাণ করা হয়েছে, যেখানে এক পাশে সুড়ঙ্গ পথে জ্বালানি দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভক্তদের অনুদানে আয়োজিত এই বার্ষিক আয়োজন এখন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
