দুই দফা বদলির আদেশ উপেক্ষা করে বুড়িচং ছাড়ছেন না উপসহকারী প্রকৌশলী

কুমিল্লার বুড়িচং উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী আবু সাঈদের বিরুদ্ধে দুইবার বদলির আদেশ অমান্য করে কর্মস্থলে আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার তোয়াক্কা না করে মাসের পর মাস একই স্থানে দায়িত্ব পালন করায় স্থানীয় পর্যায়ে নানা গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
গত ১৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বারেক হাওলাদারের স্বাক্ষরিত এক পত্রে আবু সাঈদকে বুড়িচং থেকে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বদলি করা হয়। এর আগেও ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বদলি করা হয়েছিল। তবে অদৃশ্য কোনো কৌশলে তিনি সেই আদেশ স্থগিত করে বুড়িচংয়ে বহাল তবিয়তে রয়ে গেছেন।
একাধিকবার বদলির আদেশ পাওয়ার পরেও কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী আবু সাঈদ দায়সারাভাবে জানান, তিনি বদলির আদেশ হাতে পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলেই কেবল তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, প্রকৌশলী আবু সাঈদের বদলির বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং প্রশাসনিকভাবে বিষয়টি পর্যালোচনার প্রক্রিয়া চলছে। তবে বারবার বদলি হওয়ার পরেও কেন তিনি একই স্থানে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
