Advertisement

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে পলাতক অবস্থায় শাওন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাওন স্থানীয় বাসিন্দা সেলিম মিয়ার ছেলে।

ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুরে, যখন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ পেশাগত প্রয়োজনে লালমাই অভিমুখে যাচ্ছিলেন। সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় স্থানীয়দের তৈরি একটি লোহার বেরিকেডের কারণে যানজট সৃষ্টি হলে সাংবাদিক তানভীর দীপু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় কোনো উসকানি ছাড়াই শাওন নামের ওই যুবক তানভীর দীপুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে মারমুখী আচরণ শুরু করে।

বিজ্ঞাপন

আহত সাংবাদিকরা জানান, স্থানীয়রা প্রথমে পরিস্থিতি শান্ত করলেও পরে শাওন রড নিয়ে অতর্কিতে তাদের ওপর চড়াও হয়। অতর্কিত এ হামলায় সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। তাকে রক্ষা করতে গিয়ে তানভীর দীপুও শাওনের হামলার শিকার হন। ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত সাংবাদিকদের উদ্ধার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম শাহ জানিয়েছেন, ঘটনার পরপরই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিল। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। তিনি দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে, এ ধরনের হামলার ঘটনার বিচার চেয়ে নিহতের পরিবার ও স্থানীয় সাংবাদিক মহল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%