এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ডুমুরিয়ায় ব্যতিক্রমী পরামর্শ সভা

খুলনার ডুমুরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে জীবন গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী পরামর্শ সভা ও দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ফেল নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ’—এই স্লোগানকে সামনে রেখে গত বুধবার আন্দুলিয়ার শাহপুরস্থ সোনামুখ স্মার্ট একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মল্লিক, সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা এ. এম. কামরুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. সন্দীপক মল্লিক, এস এম নূরুল ইসলাম, অধ্যাপক মামুন কাদের, অধ্যাপক তাসিন কাদির, অধ্যাপক ড. বিশ্বাস শাহিন আহমেদ, সোনামুখ স্মার্ট একাডেমির অধ্যক্ষ হুসাইন আহমেদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক সৌমেন মণ্ডল। বক্তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, কেবল একটি পরীক্ষার ফলাফল দিয়ে কারো জীবনের সামগ্রিক মূল্যায়ন করা সম্ভব নয়। ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে যে কেউ সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম।
বিশেষ করে ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থীর খারাপ ফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়মিত চর্চা ও দক্ষ শিক্ষকদের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সোনামুখ স্মার্ট একাডেমির উদ্যোগে এলাকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।
একই অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অকৃতকার্য শিক্ষার্থীদের প্রত্যেককে উৎসাহ জোগাতে ‘তুমিও জিতবে’ শীর্ষক অনুপ্রেরণামূলক বইটি উপহার দেওয়া হয়।
