Advertisement

শরীয়তপুরের গোসাইরহাটে যুবকদের সহায়তায় ৮১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে স্থানীয় মাদকবিরোধী যুব-টিমের সহায়তায় ৮১০ পিস ইয়াবাসহ আবু সিদ্দিক বেপারী (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সিদ্দিক গোসাইরহাট উপজেলার বিনটিয়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ইদিলপুর ইউনিয়নের সোরজৎ আলী মোল্লাবাড়ির সামনে সন্দেহভাজন একটি অটোরিকশাকে ঘিরে ফেলেন স্থানীয় মাদকবিরোধী টিমের সদস্যরা। অটোরিকশায় থাকা আবু সিদ্দিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পরে পুলিশ আবু সিদ্দিকের দেহ তল্লাশি করে। এ সময় তার পরনের লুঙ্গির ডান কোঁচড়ে লুকানো পাঁচটি নীল রঙের জিপার পলিথিন থেকে ৮১০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ৮১ গ্রাম ওজনের এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর দিকনির্দেশনায় গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন যুবকেরা। এই মাদকবিরোধী টিমটি এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করে আসছে। বৃহস্পতিবারের এই অভিযানেও তাদের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আবু সিদ্দিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের এই সম্মিলিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত- মাদক
0%
0%
0%
0%