Advertisement

রিচার সিরিজে হলিউডে নতুন উচ্চতায় ইন্দোনেশীয় তারকা আগনেজ মো

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্দোনেশিয়ার বিনোদন জগতের অবিসংবাদিত সম্রাজ্ঞী তিনি। গান, অভিনয়, নাচ কিংবা টেলিভিশন উপস্থাপনা—প্রতিটি ক্ষেত্রেই নিজের আধিপত্য বজায় রেখে গড়ে তুলেছেন এক বর্ণিল ক্যারিয়ার। কিন্তু বিশ্বমঞ্চে এখন তিনি পরিচিতি পাচ্ছেন প্রাইম ভিডিওর তুমুল জনপ্রিয় অ্যাকশন সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের ‘লিলা হথ’ চরিত্রটি দিয়ে। ইন্দোনেশিয়ার সুপারস্টার আগনেজ মো এখন মাত করছেন হলিউডের পর্দা। ১২ আগস্ট সিরিজটির নতুন মৌসুম উন্মুক্ত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে এই প্রতিভাবান তারকাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে আগনেজ মো আজ এশিয়ান পপ কালচারের এক উজ্জ্বল ধ্রুবতারা। জাকার্তায় জন্ম নেওয়া এই তারকা নব্বইয়ের দশকে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর একবিংশ শতাব্দীর শুরুর দিকে ‘পেরনিকাহান দিনি’ নাটকের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে। শুধু নিজ দেশেই নয়, তাইওয়ানের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে তিনি জিতে নিয়েছেন আন্তর্জাতিক দর্শকদের মন। তবে অভিনয়ের চেয়েও তাঁর সংগীত ক্যারিয়ার ছিল বেশি ঘটনাবহুল। টি আই, টিম্বাল্যান্ড, ক্রিস ব্রাউন এবং স্টিভ আওকির মতো বিশ্বখ্যাত শিল্পীদের সাথে কাজ করে তিনি বিশ্ব সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৫ বছর অভিনয় থেকে বিরতি নেওয়ার পর ‘রিচার’-এর মাধ্যমে ক্যামেরার সামনে ফেরা আগনেজের কাছে এক বড় চ্যালেঞ্জ ছিল। তিনি চেয়েছিলেন নিজের পরিচয়ের বাইরে গিয়ে কেবল অডিশনের যোগ্যতায় চরিত্রটি অর্জন করতে। লিলার চরিত্রে নিজের সততা আর অভিনয় দক্ষতায় তিনি জয় করে নিয়েছেন নির্মাতাদের মন। সিরিজে লিলা হথ চরিত্রটি একইসাথে রহস্যময়, বুদ্ধিমতী এবং আবেগীয় জটিলতায় ভরপুর। আগনেজের ভাষ্যমতে, লিলার এই বহুমুখী রূপই তাকে অভিনয়ে ফেরার জন্য অনুপ্রাণিত করেছে। মজার ব্যাপার হলো, এই সিরিজে তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্দোনেশীয় বংশোদ্ভূত ফরাসি গায়িকা আংগুন, যা একই ফ্রেমে দুই আন্তর্জাতিক সংগীত তারকার মিলন ঘটিয়েছে।

অভিনয়কে আগনেজ দেখেন গল্প বলার এক অনন্য মাধ্যম হিসেবে। তাঁর মতে, গান আর অভিনয়—উভয়ের মূলমন্ত্রই হলো আবেগের সততা। দর্শক সবসময় শিল্পীর অনুভূতির সত্যতাটুকু ধরতে পারেন, আর সেই দর্শনেই তিনি ১৫ বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েও অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। ‘রিচার’-এর চতুর্থ মৌসুমে অভিনয়ের পর আইএমডিবি-র ট্রেন্ডিং তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসা আগনেজের জন্য বড় এক স্বীকৃতি। বর্তমানে তাঁর এই জয়যাত্রা এখানেই থামছে না; শোনা যাচ্ছে, আগামীতে মার্ভেলের ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির ‘সাইলক’ চরিত্রে অভিনয়ের প্রবল আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

‘রিচার’-এর বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা আগনেজের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইন্দোনেশিয়ার ঘরোয়া তারকা থেকে বিশ্বমঞ্চের গ্ল্যামারাস আইকন হয়ে ওঠার পথে আগনেজ মো এখন এক নতুন অধ্যায় লিখছেন। সংগীত আর অভিনয়ের মেলবন্ধনে গড়া তাঁর এই বর্ণাঢ্য ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য যে হলিউডের শিখর, তা আর বলার অপেক্ষা রাখে না।

0%
0%
0%
0%