রেহান রাসুল ও রাপ্তি সারওয়াতের নতুন মৌলিক গান দূরত্ব আসছে খুব শিগগির

সংগীতের আকাশে নতুন সুরের মূর্ছনা নিয়ে হাজির হচ্ছেন প্রতিভাবান সংগীতশিল্পী রেহান রাসুল এবং অস্ট্রেলিয়াপ্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। ‘দূরত্ব’ শিরোনামের নতুন এই মৌলিক গানটির কথা ও সুর নিজেই সাজিয়েছেন রেহান। তাসনুভ নাওয়ালের সংগীতায়োজনে নির্মিত এই দ্বৈত গানটি শ্রোতাদের হৃদয়ে এক ভিন্ন আমেজ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গানটি খুব শিগগিরই মুক্তি পাবে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
প্রথমবারের মতো এই দুই শিল্পী একসঙ্গে কাজ করলেন ‘দূরত্ব’ গানে। রেহানের স্বতন্ত্র গায়কির সঙ্গে রাপ্তির সুললিত কণ্ঠের সংমিশ্রণে গানটিতে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। রেহান রাসুলের ভাষায়, এই গানটি মূলত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শিকড়ের ভাষা ও সুরের এক গভীর কথোপকথন। প্রবাস জীবনে থেকেও বাংলা গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে এই প্রয়াস বলে জানিয়েছেন তিনি।
নিজের লেখা ও সুর করা ‘বাজে স্বভাব’, ‘রূপকথা’, ‘অচেনা শহর’ এবং ‘হাই’-এর মতো জনপ্রিয় সব গানের মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রেহান। সম্প্রতি সুপারহিট সিনেমা ‘তুফান’-এর ‘আসবে আমার দিন’ গানটি গেয়ে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ‘মায়াপাখি’ নাটকের টাইটেল ট্র্যাকের মাধ্যমেও নিজের কণ্ঠের জাদুকরী প্রভাব বজায় রেখেছেন এই তরুণ শিল্পী।
অন্যদিকে, পেশায় চিকিৎসক রাপ্তি সারওয়াতের জন্য ‘দূরত্ব’ এক নতুন মাইলফলক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত থাকলেও সংগীতের প্রতি তাঁর টান শৈশব থেকেই। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত নজরুলসংগীতশিল্পী রাপ্তি দীর্ঘদিন তালিম নিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সংগীতজ্ঞ সুধীন দাসের কাছে। শৈশবের সেই শাস্ত্রীয় ভিত্তিই এখন তাঁকে সংগীতের মূলধারায় নতুনভাবে পথ চলতে সাহায্য করছে।
এর আগে বিভিন্ন কাভার গানের মাধ্যমে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ালেও, ‘দূরত্ব’ রাপ্তির ক্যারিয়ারের প্রথম মৌলিক গান। অস্ট্রেলিয়ায় বসেই নিজের সংগীতচর্চাকে নিয়মিত রেখেছেন তিনি। অভিজ্ঞ রেহান রাসুলের সৃজনশীল সংগীতবোধ এবং রাপ্তি সারওয়াতের পরিশীলিত কণ্ঠের এই মেলবন্ধন সংগীতপ্রেমীদের জন্য আগামী মাসে এক দারুণ উপহার হতে যাচ্ছে।
