পীরগঞ্জে ইউরিয়া সারের তীব্র সংকট কৃষকদের ভোগান্তি চরমে

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউরিয়া সার সংগ্রহ করতে গিয়ে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় কৃষকরা। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা। শেষ পর্যন্ত ডিলার পয়েন্টগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে চরম হতাশায় দিন কাটছে তাদের।
উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মেসার্স তৃপ্তি ট্রেডার্স এবং মিঠিপুর ইউনিয়নের সাহা ভান্ডারের মতো ডিলার পয়েন্টগুলোতে সরেজমিনে দেখা যায়, সার পেতে কৃষকদের দীর্ঘ সারি। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে অনেক কৃষক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদার তুলনায় খুবই সামান্য সার সংগ্রহ করতে পারছেন। অনেক ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর কৃষকদের ভাগ্যে জুটছে মাত্র এক বস্তা সার, যা তাদের প্রয়োজনের তুলনায় নগণ্য।
ভুক্তভোগী কৃষক আব্দুল করিম আক্ষেপ করে জানান, সকাল থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এখনো সার হাতে পাননি। রবিউল প্রধান নামের আরেক কৃষক জানান, তার ফসলি জমির জন্য চার বস্তা ইউরিয়া সারের প্রয়োজন থাকলেও তিনি পেয়েছেন মাত্র এক বস্তা। এভাবে সার সংকট চলতে থাকলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় প্রান্তিক চাষিরা।
সার সংকটের বিষয়টি স্বীকার করে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, বর্তমানে উপজেলায় ৪৯০ টন ইউরিয়া সার মজুত রয়েছে। চলতি মাসের বরাদ্দের আরও ৩৫৩ টন সার উত্তোলনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংকট মোকাবিলায় আগামী মাসের বরাদ্দও দ্রুত উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সার নিয়ে যাতে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে কৃষি বিভাগ কঠোর নজরদারি বজায় রেখেছে।
