পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা

মাগুরার ভায়না মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত নাঈমুজ্জামান নয়ন মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। শুক্রবার বিকেলে শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে মাগুরা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মো. ইমরান হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কথা-কাটাকাটির একপর্যায়ে নাঈমুজ্জামান নয়ন উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে চড় মারেন এবং নিজের মুঠোফোনে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। অভিযুক্ত নয়নের বিরুদ্ধে অতীতে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এই ঘটনা স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার পর শুক্রবার রাত আটটার দিকে মাগুরা সদর থানায় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত হন। সেখানে তারা বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন এবং অভিযুক্ত নয়নকে দিয়ে ভুক্তভোগী পুলিশ সদস্যের কাছে ক্ষমা চেয়ে ঘটনার মীমাংসা করেন। তবে আইনি পোশাক পরিহিত একজন পুলিশ সদস্যের ওপর প্রকাশ্যে এমন হামলার ঘটনায় পুলিশের অভ্যন্তরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
