সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারিতে যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামে মদ্যপ অবস্থায় কথা-কাটাকাটি ও মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আলমগীর ওই গ্রামের সাদেমের ছেলে এবং স্থানীয় আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মদপান করেন আলমগীর। এক পর্যায়ে ফোর্ডনগর রাস্তার ওপর আখতার ফার্নিচারের কর্মী সুমন খাঁর সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে রূপ নিলে আলমগীরের মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মেডিকেল প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে মদ্যপানের বিষয়টি উঠে এসেছে। ঘটনার শুরুতে নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড়ের অভিযোগ তোলা হলেও বর্তমানে এ বিষয়ে পরিবারের আর কোনো অভিযোগ নেই। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
