Advertisement

বাঁশখালীতে ঘুষ গ্রহণের অভিযোগে এসআই ক্লোজড, পুলিশ লাইনে প্রত্যাহার

চট্টগ্রামের বাঁশখালীতে এক ক্ষুদ্র খামারির কাছ থেকে ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ ওঠার পর রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুমন কবির মৃধাকে ক্লোজড করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে বদলি করা হয়।

ঘটনার সূত্রপাত গত ৭ জুলাই রাতে বাঁশখালীর চন্দ্রপুর গ্রামের বরপুরা এলাকায় অবস্থিত জামশেদ এক্সপ্রেস ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে চুরির ঘটনাকে কেন্দ্র করে। খামারের মালিক নুরুল আলম বাদী হয়ে গত ২৬ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বাঁশখালী থানা পুলিশকে নির্দেশ প্রদান করলে তদন্তভার পড়ে উপপরিদর্শক সুমন কবির মৃধার ওপর।

বিজ্ঞাপন

ভুক্তভোগী খামারি নুরুল আলমের অভিযোগ, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের বিনিময়ে তদন্ত কর্মকর্তা সুমন কবির মৃধা তার কাছে অনৈতিকভাবে ঘুষ দাবি করেন। একপর্যায়ে টাকা লেনদেনের ঘটনাটি স্থানীয় পর্যায়ে জানাজানি হলে তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপরই বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ঘুষ গ্রহণকারী এই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%