Advertisement

কক্সবাজারে শুল্ক ফাঁকির অভিযোগে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা

কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং থেকে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের অভিযোগে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চালানো এই বিশেষ অভিযানে গাড়িগুলোর আমদানি সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো জব্দ করা হয়।

জব্দ করা গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০২১ মডেলের লাল রঙের টয়োটা এম ক্রপ, লাল রঙের হোন্ডা এবং ২০২০ মডেলের টুইন গ্রে রঙের মাজদা ব্র্যান্ডের গাড়ি। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্যমতে, জাপান থেকে আমদানিকৃত এই গাড়িগুলোর মালিকানা ও আমদানির বৈধতা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল।

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে ওশান প্যারাডাইস হোটেলের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, গাড়িগুলো দেশে আনার প্রক্রিয়ায় কোনো জালিয়াতি বা চোরাচালানের আশ্রয় নেওয়া হয়েছে কি না, তা নিয়ে বিশদ তদন্ত চলছে। বিশেষ করে শুল্ক ফাঁকি এবং মিথ্যা ঘোষণার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বিলাসবহুল গাড়ি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য কর ও শুল্ক পরিশোধের পাশাপাশি সঠিক কাগজপত্র থাকা বাধ্যতামূলক। জব্দ করা গাড়িগুলোর নথিপত্র চুলচেরা বিশ্লেষণের কাজ চলমান রয়েছে এবং তদন্তে জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%