Advertisement

দাবি আদায়ে ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গা জেলা শহরের আলী হোসেন মার্কেটের কার্যালয়ে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের এক যৌথ সভায় আগামী ২৯ আগস্ট থেকে জেলার অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী পরিবহন নিয়ে সৃষ্ট জটিলতা ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।

গত ২৭ আগস্ট বিকেলে চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, দ্রুততম সময়ের মধ্যে মারামারির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া, যাত্রী তোলা নিয়ে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যকার বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা বাস চালানো থেকে বিরত থাকবেন।

বিজ্ঞাপন

পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, মেহেরপুর, দর্শনা, জীবননগর ও ঝিনাইদহ রুটে সকল ধরনের আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে জেলা প্রশাসনের নির্দেশিত ইজিবাইকের নির্দিষ্ট রং নির্ধারণ ও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লোকাল বাস সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ঘটনায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং স্থানীয়রা সংশ্লিষ্টদের দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%