Advertisement

নেপালের ঘান্দ্রুকে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান

জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান বর্তমানে এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি। প্রশান্তির খোঁজে নেপালে ভ্রমণে গিয়ে এখন তিনি আটকা পড়েছেন ঘান্দ্রুক নামক এক পর্যটন গ্রামে। টানা ব্যস্ততার মাঝে কয়েকটা দিন নিরালায় কাটানোর পরিকল্পনা থাকলেও প্রকৃতির বিরূপ আচরণে বদলে গেছে দৃশ্যপট। মোদি খোলার বন্যা আর পাহাড়ধসের তাণ্ডবে বিরেঠাঁটি–ঘান্দ্রুক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফেরার পথ এখন রুদ্ধ।

ঘান্দ্রুক নামের মনোরম এই গ্রামে বর্তমানে নিজের সঙ্গীদের নিয়ে অবস্থান করছেন তাসরিফ। অন্নপূর্ণা অঞ্চলের প্রায় দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামে বড় ধরনের ধ্বংসযজ্ঞ না ঘটলেও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিধ্বস্ত। সড়কপথের বিভিন্ন অংশ নিশ্চিহ্ন হয়ে যাওয়া এবং সেতু ভেঙে যাওয়ায় স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ পথে চলাচল নিষিদ্ধ করেছে। ফলে চাইলেও ফেরার উপায় নেই এই গায়কের।

বিজ্ঞাপন

দুর্ঘটনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে তাসরিফ জানান, বুধবার ফেরার কথা থাকলেও কিছুটা দেরি হওয়াটাই সম্ভবত তাদের বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। গাইড তাদের সতর্ক না করলে হয়তো ধসে পড়া সড়কপথেই প্রাণহানির মতো বড় কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হতো তাদের। তবে বর্তমান পরিস্থিতি তাকে বেশ দুশ্চিন্তায় ফেলেছে। স্থানীয় মানুষের মুখে নেপালের বিভিন্ন প্রান্তের ভয়াবহ খবর ও পর্যটকদের নিখোঁজ হওয়ার কথা শুনে উৎকণ্ঠা বাড়ছে।

কঠিন এই সময়ে আর্থিক সংকটের কথাও উঠে এসেছে তাসরিফের কথায়। হাতে থাকা সীমিত নগদ অর্থ ফুরিয়ে আসছে, আর দুর্গম এই এলাকায় ডিজিটাল লেনদেনের সুযোগ প্রায় নেই বললেই চলে। সড়কপথ সচল না হলে বিকল্প হিসেবে ৮ থেকে ১০ ঘণ্টা ট্রেকিং করে ফেরার পথ খোলা থাকলেও, পাহাড়ি ঢলের মধ্যে জীবনের ঝুঁকি নিতে রাজি নন তিনি। আপাতত গাইডের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই নতুন পরিকল্পনার ছক কষছেন এই শিল্পী।

বিজ্ঞাপন

দেশে ফেরার পর রক ঘরানার নতুন গান ‘জীবনের চাকা’-র মিউজিক ভিডিও নিয়ে বড় পরিকল্পনা থাকলেও, এখন তার একমাত্র চাওয়া সুস্থভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসা। নিজের ও দলের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তারকা। প্রকৃতির এই প্রতিকূলতা কাটিয়ে তাসরিফ খুব দ্রুতই তার প্রিয় আঙিনায় ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

0%
0%
0%
0%