Advertisement

সোনারগাঁয় ব্রিজের ফাটল মেরামতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজ চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই মেরামতের প্রভাবে মেঘনা টোলপ্লাজা থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে আট থেকে দশ ঘণ্টা পর্যন্ত রাস্তায় আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনে একটি বড় ফাটল ও গর্ত দেখা দিয়েছিল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার সকাল ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগ সংস্কারকাজ শুরু করে। সড়ক বিভাগ একটি লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করায় যানবাহনের চাপ বাড়তে থাকে, যা সন্ধ্যার পর প্রকট আকার ধারণ করে।

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জের গজারিয়ার তেতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে থেমে থেমে গাড়ি ছাড়ার ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতা বৃদ্ধি পায়। ফেনী থেকে ঢাকাগামী যাত্রী নূর মোহাম্মদ জানান, প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে তিনি গজারিয়া এলাকায় আটকা পড়ে আছেন। অসহ্য গরম ও যানজটে আটকা পড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা অমানবিক কষ্ট ভোগ করছেন।

সড়ক বিভাগের ভাষ্যমতে, রাতের বেলা যানবাহনের অতিরিক্ত চাপের কারণে একটি লেন দিয়ে গাড়ি চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে। হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে গেলেও রাত ১২টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। এ ঘটনায় দীর্ঘ সময় যানজটে আটকা পড়া যাত্রীরা দ্রুত সংস্কারকাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%