কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল, চট্টগ্রাম মহসিন কলেজে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নকল করার সময় এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরীর একটি কলেজের মানবিক বিভাগের ছাত্র।
পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরপরই ওই পরীক্ষার্থী গোপনে সেটির ছবি তুলে মোবাইল ফোনের একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করছিলেন। বিষয়টি কেন্দ্র পরিদর্শকের নজরে পড়লে তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে অসদুপায়ে ব্যবহারের দায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষা পরিচালনা বিধিমালা অনুযায়ী অপরাধী পরীক্ষার্থীর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ডের দায়ে তার পরীক্ষা বাতিল করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষায় নকল ও অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।