আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডিসকাউন্ট বাণিজ্য মেলা

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মূল্যছাড়ভিত্তিক বাণিজ্য উৎসব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, প্রথমবারের মতো আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে দেশি-বিদেশি প্রায় ২৫০টি স্বনামধন্য ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এক নতুন মাত্রা যোগ করবে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টকমের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নেবে। মেলায় ক্রেতাদের জন্য নির্বাচিত কিছু পণ্য ও সেবায় বিশেষ ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের আকর্ষণীয় মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো একই ছাদের নিচে দেশি ও বিদেশি নামী ব্র্যান্ডের পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। এর পাশাপাশি নতুন ও উদীয়মান স্থানীয় ব্র্যান্ডগুলোর পরিচিতি বৃদ্ধি, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিবিড় ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং নতুন বাজার সম্প্রসারণেও এই মেলা অনুঘটক হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। বাণিজ্য প্রসারের এই উদ্যোগে ইভেন্টকমের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং জনসংযোগ সহযোগী হিসেবে কাজ করছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এমপাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী। তারা জানান, এই বাণিজ্য মেলা শুধুমাত্র কেনাকাটার কেন্দ্র নয়, বরং এটি স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের সক্ষমতা প্রদর্শনের একটি অনন্য সুযোগ করে দেবে। শিল্প ও বাণিজ্যের এই মিলনমেলা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%