স্বর্ণের বাজারে বড় দরপতন ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আবারও নিম্নমুখী সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতনের ধারায় স্থানীয় বাজারেও সোনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনা কিনতে এখন খরচ করতে হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বিজ্ঞাপন

সর্বশেষ এই পরিবর্তনের ফলে ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। গত সোমবারও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল সমিতি। ফলে মাত্র তিন দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা হ্রাস পেল।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায় নির্ধারিত হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। এর আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা সমন্বয় করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। জুয়েলার্স সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

সোনার গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি ভ্যাট গুনতে হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুযায়ী, প্রতি ভরি সোনার গয়নার ওপর নির্দিষ্ট পরিমাণ ভ্যাট ২ হাজার ৫০০ টাকা ধার্য করা হয়েছে। পূর্বে মোট দামের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হতো, যা এখন থেকে রহিত করা হয়েছে।

0%
0%
0%
0%