শিবচরে সালিশ বৈঠকে এমপির ধমক ও টেবিল চাপড়ানোর ভিডিও ভাইরাল

মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় একটি সালিশি বৈঠকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিট স্থায়ী ওই ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের ওপর চড়াও হচ্ছেন এবং তীব্র ভর্ৎসনা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে সংসদ সদস্যকে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে টেবিল চাপড়ে উপস্থিত একজনকে লক্ষ্য করে উচ্চবাচ্যে বলেন, ‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো।’ তিনি নিজেকে সালিশি বৈঠকের বিচারক হিসেবে দাবি করে অন্যদের কোনো কথা বলার সুযোগ না দেওয়ার বিষয়টিও স্পষ্ট করেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী তারা মিয়ার অভিযোগ, প্রায় এক মাস আগে বিএনপির এক কর্মীকে কেন্দ্র করে আয়োজিত এই বৈঠকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা মিয়া দাবি করেন, সালিশে উপস্থিত অনেকের সামনেই সংসদ সদস্য একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি এর প্রতিবাদ জানালে সংসদ সদস্য মেজাজ হারিয়ে ফেলেন, যা উপস্থিত অন্যদের মধ্যেও অস্বস্তির সৃষ্টি করে।

ঘটনার বিষয়ে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা জানান, প্রায় দেড় মাস আগের এই সালিশি বৈঠকে স্থানীয়রা তার উপস্থিতিতেই বিচার চেয়েছিল। তিনি দাবি করেন, সালিশ চলাকালে উভয় পক্ষ বারবার অহেতুক তর্ক ও বিষয়টিকে জটিল করে তোলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থে তিনি কঠোর ভাষা ব্যবহার করেন। তার দাবি, শেষ পর্যন্ত সালিশটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশের পর ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে জনমনে নানা প্রশ্নের উদয় হয়েছে। বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসায় পুরো বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার রেশ কাটছে না।

0%
0%
0%
0%