বরিশালের নতুন জেলা প্রশাসক মামুন খন্দকার বিদায়ী ডিসি খায়রুল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বরিশাল জেলা প্রশাসনের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই বদলির খবরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন

সাবেক জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে। হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোট কক্ষ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র দেখানোর নামে ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব টাকা বৈধ দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

নির্বাচনকালীন রির্টানিং অফিসারের কন্ট্রোল রুম, ফলাফল সংগ্রহ, পরিবেশন ও পর্যবেক্ষক টিমের জন্য বরাদ্দকৃত ১৪ লক্ষাধিক টাকার পুরোটাই তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ১০টি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আপ্যায়ন বাবদ বরাদ্দকৃত ৫৮ লাখ ৫০ হাজার টাকার সিংহভাগই তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি প্রতিবাদ জানালেও তৎকালীন জেলা প্রশাসক ক্ষমতার দাপট দেখিয়ে অর্থের দুই-তৃতীয়াংশ হাতিয়ে নেন।

দীর্ঘদিন ধরে সরকারি অর্থের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে ব্যাপক আলোচনা থাকলেও চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারেননি কেউ। তথ্যের গোপনীয়তা রক্ষার নামে অনেক কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করে হয়রানি করার অভিযোগও রয়েছে সাবেক এই জেলা প্রশাসকের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা এই ব্যাপক অনিয়মের ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%