গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিল্পখাত: ব্যাংক ঋণের সুদ মওকুফ ও কিস্তি স্থগিতের দাবি চট্টগ্রাম চেম্বারের

চট্টগ্রাম জেলায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে চরম উৎপাদন বিপর্যয়ের মুখে পড়া শিল্পকারখানাগুলোর অস্তিত্ব রক্ষায় ব্যাংকঋণের সুদ মওকুফসহ অন্তত তিন মাসের কিস্তি স্থগিত রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে এ আহ্বান জানান চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

দীর্ঘদিন ধরে চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের তীব্র ঘাটতির ফলে রপ্তানিমুখী গার্মেন্টস, টেক্সটাইল ও প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানার উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং অবশিষ্ট কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। পণ্য রপ্তানি ও বিক্রি উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় উদ্যোক্তারা শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ নিয়মিত ইউটিলিটি বিল পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলছেন।

উৎপাদন স্থবিরতার এই সংকটময় পরিস্থিতিতে নিয়মিত ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করা ব্যবসায়ীদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে ঋণের কিস্তি পরিশোধের জন্য অন্তত তিন মাসের সময়সীমা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

চেম্বার নেতৃবৃন্দের মতে, সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা শিল্পখাতকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা প্রদান করবে। একইসঙ্গে সরকারের এই পদক্ষেপ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

০%
০%
০%
০%