রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর এলাকায় নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির পেছনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোহান ওই এলাকার মো. ফরহাদ চৌধুরী ও রিতা ইয়াছমিন দীপা দম্পতির সন্তান এবং রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. রোকন উদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার সময় রোহানের মুঠোফোনে একটি কল আসে। এরপর বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৫টার পর থেকে তার ব্যবহৃত দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। স্বজন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) রোহানের বাবা ফরহাদ চৌধুরী রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি ডোবায় বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা লাঠি দিয়ে সেটি নাড়াচাড়া করলে ভেতর থেকে মানুষের পা বেরিয়ে আসে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি একটি বস্তায় ভরে সেটির সঙ্গে মাটি ভর্তি আরেকটি বস্তা বেঁধে ডোবায় ডুবিয়ে দেওয়া হয়েছিল। মরদেহ পচে ফুলে ওঠায় তা পানির ওপর ভেসে ওঠে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছিল। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সুপার আরও জানান, পারিবারিক বিরোধ, প্রেমঘটিত কোনো বিষয় নাকি বন্ধুদের সঙ্গে কোনো দ্বন্দ্ব—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত পরিবার ও স্থানীয়রা অবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%