রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নিজাম উদ্দিন (৩১), কামরুল হোসেন (২১), রাকিব হাসান (২১), হোসেন আলী ফকির (২৩) ও ইমং মারমা (২৯)।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে প্রিয়া চাকমা (৪২) সিআর পরোয়ানায়, মো. শাকিল (৩৫) জিআর পরোয়ানায় এবং ইমাম হোসেন রাজু জিআর সাজা পরোয়ানায় গ্রেপ্তার হন।
অন্যদিকে মাদক কারবারের অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নারায়ণ মজুমদার (৪৮), প্রিয়া চাকমা (৪২), সাকিব হোসেন (২১), মো. মনিরুল ইসলাম ইমন (১৯), মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), মো. মিজানুর রহমান (২৪) ও মো. আলতাফ হোসেন (৩১)। তাঁদের মধ্যে আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।