শ্রীপুরে বিকাশ এজেন্সির তিন কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুরের শ্রীপুরে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের তিন কর্মীকে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন এবং প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ গুরুতর আহত হয়েছেন।

গুলিবিদ্ধ হিমেলকে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণে শ্রীপুরের বিকাশ ডিস্ট্রিবিউটর 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড'-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে থাকে। শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা এবং পোশাক কারখানার শ্রমিকদের বেতনের বাড়তি চাপের কারণে তাদের প্রতিষ্ঠানে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’র হিসাব থেকে ব্যালেন্স স্থানান্তর করে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল।

তিনি আরও উল্লেখ করেন, প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছামাত্র ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। এরপর তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের কাঁচ ভাঙচুর করে এবং অস্ত্র উঁচিয়ে হামলা চালায়। একপর্যায়ে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা নগদ চার কোটি টাকার মধ্যে প্রায় তিন কোটি টাকাই লুট করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। প্রাথমিক তদন্ত শেষে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

০%
০%
০%
০%