জাজিরায় দোকানঘর দখল নিয়ে বিরোধ, আদালতের নির্দেশে সিলগালা

শরীয়তপুরের জাজিরায় দোকানঘরের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনায় আদালতের নির্দেশে স্থাপনাটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোবহান হাজী দীর্ঘদিন আগে সম্পত্তিটি কিনে সেখানে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে গত বছরের ২ ডিসেম্বর রাতে জাজিরা উপজেলা বিএনপির সহসভাপতি সুরুজ মাদবর ও তাঁর ছেলে দলীয় প্রভাব খাটিয়ে দোকানঘরসহ সম্পত্তিটি দখল করে নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোবহান হাজী ও সুরুজ মাদবরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। 

মামলার পরিপ্রেক্ষিতে সুরুজ মাদবর ও তাঁর ছেলে স্বাধীন মাদবরকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার বাদীপক্ষের অভিযোগ, কারামুক্ত হওয়ার পর সুরুজ মাদবর আদালতের নির্দেশনা উপেক্ষা করে দোকানঘরটি পুনরায় খুলে ব্যবহার শুরু করেন। পরে বিষয়টি আদালতের নজরে এলে ঘরটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জায়গাটি সরকারি খাস সম্পত্তি। আদালতের নির্দেশনা অনুযায়ী, কোনো পক্ষই সেখানে ব্যবসা পরিচালনা কিংবা স্থাপনা রেখে জায়গাটি ভোগদখল করতে পারবেন না। আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দোকানঘরটি সিলগালা করা হয়। 

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, আদালতের নির্দেশে আপাতত দোকানঘরটি সিলগালা করা হয়েছে। পরবর্তী সময়ে স্থাপনা সরিয়ে সরকারি দখল নিশ্চিত করে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আদালত সরকারকে জমিটির দখল নেওয়ার নির্দেশ দিয়েছেন। উচ্চ আদালত থেকে ভিন্ন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন বা জমিটি ভোগদখল করতে পারবেন না।


০%
০%
০%
০%