ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক সেবনের অপরাধে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২৫০ টাকা করে জরিমানা প্রদান করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের জহুরুল হক ফকির (৬০), করিম মিয়া (৪৬), ফিরোজ খলিফা (৪৮) এবং সাড়েসাতরশি গ্রামের ইমরান সর্দার (২৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বেলায়েত হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২৫০ টাকা জরিমানার আদেশ দেন। এ ছাড়াও অভিযানে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন। তিনি জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে এবং মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।